যুদ্ধবিরোধী কবিতা

পর্ব ৬

অনুবাদ: রথো রাফি

প্রকাশিত : জুলাই ১৫, ২০১৮

২০১৪ সালে যখন ফিলিস্তিনের ওপর ইসরায়েল জলস্থলআকাশ থেকে বোমাবর্ষণ করছিল, সারাবিশ্বে ইসরায়েলি বর্বরতার যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল, সেসময়েই এ কবিতাগুলো ভাষান্তর করেছিলেন নব্বই দশকের মেধাবী কবি রথো রাফি। কিন্তু এরপর কবিতাগুলো কোথাও তিনি প্রকাশ করেননি। ছাড়পত্রের পাঠকদের জন্যে ধারাবাহিকভাবে কবিতাগুলো প্রকাশ করা হলো:

ইব্রাহিম নাসরাল্লাহ (জর্ডান, ১৯৫৪)

সমাপ্তি

কাগজে পরিণত সেই বনের জন্য
কালির তৈরি শের
কালির তৈরি পাখি
কালির তৈরি মানুষ

আহমেদ দাবোর

ফালতু প্রশ্ন

আমার দূরের নিরাপদ বন্ধুরা
তাদের বাড়িতে
তাদের রাস্তাঘাটে
তাদের অফিসে
আর তাদের খেলার মাঠে
আমাকে ম্যাসেজ পাঠিয়ে জানতে চায় ‘তুমি কি এখনো
বেঁচে আছো?’
আর তারাও ফের লেখে না
একবার যখন পেয়ে যায়
আমার ফালতু
উত্তরগুলো।

এরিখ ফ্রীড শোনো, হে ইজরায়িল

আমরা যখন নিপীড়িত ছিলাম
আমি তোমার সঙ্গে এক ছিলাম,
কিন্তু কিভাবে আমরা এক থাকবো
এখনতো তুমিও নিপীড়নকারী হয়ে ওঠছো?

তোমার বাসনা
ক্ষমতাবান হয়ে ওঠা, সেই সব জাতির মতো
যারা তোমাকে খুন করেছিলো;
এখন তুমিও আসলে তাদের মতোই।

যারা তোমাকে নির্যাতন করেছে
তাদের চেয়েও দীর্ঘায়ু হয়েছো;
তাহলে তাদের নিষ্ঠুরতা
কেন এখন লালন করো তুমি?

তুমি তোমার পীড়নের শিকারদের বলছো:
‘জুতো খোল্ তোর’
তাদের নিয়ে গিয়েছো

বলির পাঠার মতো, রুক্ষ দেশের ভেতর দিয়ে,

মৃত্যুর বিশাল মসজিদের ভেতরে
যেখানে জ্বলন্ত বালি আর বালি।
তবু তারা পাপ স্বীকার করবে না
বহুকাল ধরে যা তাদের উপরে চাপিয়ে দিতে চাইছো:
মরুর বালিতে
তোমার বোমা আর ট্যাংকের
ছায়ার চেয়েও বেশিদিন টিকে থাকবে
তাদের নগ্ন পায়ের ছাপ।

শোনো হে ইজরায়েল, ...
শুনো তোমার নির্যাতনের শিকারদের চিৎকার
যা তোমার প্রাচীন দুর্ভোগের প্রতিধ্বনি তুলছে...

চলবে