যুদ্ধবিরোধী কবিতা
শেষ পর্ব
অনুবাদ: রথো রাফিপ্রকাশিত : জুলাই ২০, ২০১৮
২০১৪ সালে যখন ফিলিস্তিনের ওপর ইসরায়েল জলস্থলআকাশ থেকে বোমাবর্ষণ করছিল, সারাবিশ্বে ইসরায়েলি বর্বরতার যখন ব্যাপক সমালোচনা হচ্ছিল, সেসময়েই এ কবিতাগুলো ভাষান্তর করেছিলেন নব্বই দশকের মেধাবী কবি রথো রাফি। কিন্তু এরপর কবিতাগুলো কোথাও তিনি প্রকাশ করেননি। ছাড়পত্রের পাঠকদের জন্যে ধারাবাহিকভাবে কবিতাগুলো প্রকাশ করা হয়। আজ প্রকাশ হলো শেষ পর্ব:
নিজার কাব্বানি (সিরিয়া: ১৯২৩-১৯৯৮)
জেরুজালেম
কাঁদলাম আমি চোখের জল যতোক্ষণ না শুকায়
প্রার্থনা করলাম টিম টিম করে দীপ জ্বলে যতোক্ষণ
যতোক্ষণ না ক্যাঁচ-ক্যাঁচ করে ওঠে ভূমি ছিলাম সেজদায়
মোহাম্মদ আর যিশু সম্পর্কে আমি করলামতো জিগ্যেস
ও জেরুজালেম, রসুলদের সৌরভ
আকাশ ও মর্ত্যরে সবচেয়ে ছোট্ট পথ
আইনের দুর্গ, ও জেরুজালেম
পুড়ে যাওয়া কালো আঙুল
আর নিরাশ চোখের এক অপূর্ব শিশু তুমি
রসুলের অনুমোদিত ছায়াময় মরুদ্যান তুমি
তোমার পথগুলো বিষাদছাওয়া
তোমার মিনারগুলো রোদনভরা
তুমি কালো পোশাকে ঢাকা যুবতী রাজকুমারী
জেলখানায় কে ঘন্টা বাজায়
শনিবারের সকালবেলায়?
কে শিশুদের জন্য খেলনা আনে
বড়োদিনের উৎসবে?
ও জেরুজালেম, দুঃখের শহর
অশ্রুর বিশাল একটা ফোঁটা খেলা করে চোখে
কে তোমার উপর
আগ্রাসন থামাবে, ও ধর্মসমূহের মুক্তা?
কে তোমার রক্তমাখা দেয়াল ধুয়েমুছে দেবে?
কে রক্ষা করবে বাইবেল?
কোরানকে বাঁচাবে কে?
কে রক্ষা করবে যিশুকে?
কে রক্ষা করবে মানুষকে?
ও জেরুজালেম আমার শহর
ও জেরুজালেম আমার প্রেম
লেবু গাছগুলো আগামিকাল ফুল ফোটাবে
আর জলপাই গাছটিও আনন্দ জানাবে
তোমার চোখগুলো নেচে উঠবে
ফিরে আসবেপরবাসী কবুতরগুলো
তোমার পবিত্র ছাতে
আর ফের খেলতে থাকবে তোমার ছেলেমেয়েরা
এবং বাপ ও ছেলে মিলিত হবে আবার
তোমার রক্তমাখা পাহাড়গুলোর গায়ে
ও আমার শহর
শান্তি আর জলপাইয়ের শহর























