রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লক্ষাধিক সেনা হতাহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছে দুই দেশের ১৮ লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সিএসআইসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে ১৮ লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছে— তাদের মধ্যে ১২ লাখ রুশ বাহিনীর। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছে ৩ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের বেশির ভাগই আহত হয়েছে। নিখোঁজ আছে বেশ কয়েক হাজার সেনা।

রুশ বাহিনীর এই ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও, কোনো যুদ্ধে এত বেশি হতাহত ও ক্ষতির শিকার হয়নি।

সিআইএসের তথ্য অনুযায়ী, ৪ বছরের যুদ্ধে ইউক্রেনের ৬ লাখেরও বেশি সেনা হতাহত ও নিখোঁজ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার সেনা নিহত হয়েছে।

সিএসআইসের প্রতিবেদনে বলা হয়, যদি এ যুদ্ধ চলতে থাকে তাহলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় ২০ লাখে।

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনও চলছে। সূত্র: এএফপি