লেবাননে ইজরায়েলি ড্রোন হামলা, নিহত ৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২৫

লেবাননের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বেকা উপত্যকার আল মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়। অন্যদিকে, পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে কাফার দান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়। ড্রোনটি লক্ষ্য করার সময় ওই ব্যক্তি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার দেইর সিরিয়ানে রাতভর ইজরায়েলি হামলায় এর আগে একজন সিরীয়  নাগরিক নিহত ও দুজন আহত হয়।

ইজরায়েলি সেনাবাহিনী লিটানি নদীর কাছে দেইর সিরিয়ানের উত্তর উপকণ্ঠ, পাশাপাশি আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ ও বুলডোজারও লক্ষ্যবস্তু করে।

বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থানে আঘাত হেনেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইজরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ ও ইজরায়েলের এই যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়।

নভেম্বরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালায়। তাদের দাবি, তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালায়।

যুদ্ধবিরতির অধীনে ইজরায়লের ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু তেল আবিব তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

যদিও ইজরায়েল  এখনও ৫টি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। সূত্র: আনাদোলু