লোহিত সাগরে ইজরায়েলি জাহাজে হুথিদের পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৮, ২০২৬
লোহিত সাগরে ইজরায়েলি নৌ-যোগাযোগের ওপর পূর্ণাঙ্গ ও সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেয় গোষ্ঠীটি।
বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরের জলসীমায় ইজরায়েলের সঙ্গে সম্পৃক্ত যেকোনো জাহাজকে পুনরায় লক্ষ্যবস্তু করা হবে। ইজরায়েলের জাফা অঞ্চলের বেশ কিছু সংবেদনশীল স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইজরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যেকোনো উসকানি বা আগ্রাসনের জবাবে পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ও অক্ষশক্তির সঙ্গে সমন্বয় রেখে আমাদের সামরিক অভিযান আরও তীব্র করা হবে।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধের মুখে আমরা চুপ করে বসে থাকবে না।
ইজরায়েলের গণমাধ্যম চ্যানেল-১২ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার পর আজ দিনের শুরুতে ইজরায়েল সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। এর আগে, লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইজরায়েলি বিমান হামলার জবাবে রোববার গভীর রাতে ইরান থেকে ইজরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
পরবর্তীতে ইজরায়েলও পশ্চিম ও মধ্য ইরানে পাল্টা হামলা চালায়। ফলে তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। সূত্র: আনাদোলু এজেন্সি























