শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হয়: উপ-প্রেস সচিব
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ০৩, ২০২৫
২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে চালানো হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
পোস্টে উপ-প্রেস সচিব লিখেছেন, “যখনই আমি হেফাজতে ইসলামকে কোনো বড় বিক্ষোভ করতে দেখি, তখনই আমার মনে পড়ে যায় শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার অনুসন্ধানের কথা। যখন গোটা বিশ্ব এই গণহত্যার সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি।”
তিনি আরও লেখেন, “আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, ২ দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। আপনারা যারা এখন সাংবাদিকতার জগতে ঘুরে বেড়াচ্ছেন, মানবাধিকার রক্ষা করছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে, কাজটি কতটা কঠিন ছিল।”
আজাদ মজুমদার লেখেন, “২ সপ্তাহ ধরে চলা তদন্তের সময়, রাস্তাঘাট, হাসপাতালের লগবুক খুঁজে, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে, মানুষকে খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে, আমি সবসময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ার এবং নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম।”
পোস্টের শেষাংশে তিনি লিখেন, “নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না। কিন্তু যখনই আমি দেখি যে, কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয়।”
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ৪ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। যা সফল করতে ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।






















