শিশুসাহিত্যিক ধীরেন্দ্রলাল ধরের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬
শিশুসাহিত্যিক ধীরেন্দ্রলাল ধরের আজ জন্মদিন। ১৯১৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল অমৃতলাল ধর।
আর্য মিশন ইনস্টিটিউশন ও বিদ্যাসাগর কলেজ থেকে তিনি শিক্ষা সম্পন্ন করেন। কর্পোরেশন টিচার্স ট্রেনিং কলেজ থেকে শিক্ষন নেন ও শিক্ষকতা কাজে যোগদান করেন।
স্বদেশি মনোভাবাপন্ন ধীরেন্দ্রলাল ১৯২৮ সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাথে যুক্ত হন। লবণ সত্যাগ্রহতে অংশ নেন। পরে হিন্দু মহাসভার যুব শাখাতে যোগ দেন।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ভারতের জাতীয় পুরস্কার পান। গল্প, উপন্যাস, গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার কাহিনি, জীবনী, নাটক ও প্রবন্ধ সাহিত্যের প্রায় সমস্ত শাখায় অবদান রেখে গেছেন।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার প্রথম প্রকাশিত গ্রন্থ `মৃত্যুর পশ্চাতে` ১৯৩৪ সালে বের হয়। উল্লেখযোগ্য অন্যান্য রচনাগুলির মধ্যে আছে: গল্প হলেও সত্যি, আমার দেশের মানুষ, মহাকালের পূজারী, পশ্চিম দিগন্তে, বিপদের বেড়াজাল, সিপাহী যুদ্ধের কাহিনি, অসি বাজে ঝনঝন, এই দেশেরই মেয়ে, রঙমহল, বাংলার ডাকাত, মহাকাল, অ্যাডভেঞ্চার অমনিবাস, নালন্দা থেকে লুম্বিনী ইত্যাদি।
তার রচিত বড়দের জন্যে লেখা উপন্যাসগুলির মধ্যে রয়েছে: রতিবিলাপ, ঢেউ, আলোর ইশারা, বড়সাহেব, বোমা ও বারুদ। ধীরেন্দ্রলাল ধরের লেখা প্রিয়দর্শী অশোক, নীলকর এলো দেশে, মন্দিরে মন্দিরে ইত্যাদি গ্রন্থ পুরষ্কৃত হয়েছে।
তিনি বহু বই ও পত্রিকা সম্পাদনা করেন। শিশুসাহিত্যের জন্যে ১৯৭৯ সালে ভারত সরকার তাকে জাতীয় পুরস্কারে ভূষিত করে। ১৯৯১ সালের ২০ সেপ্টেম্বর মারা যান সাহিত্যিক ধীরেন্দ্রলাল ধর।
























