অলঙ্করণ: দীপাঞ্জন সরকার

অলঙ্করণ: দীপাঞ্জন সরকার

সাঈদ জুবেরীর গুচ্ছ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০১৮

আন-লাইক

কোনও রিয়ালেটিতেই তুমি সাসটেইন করো না, ডিয়ার
আমার ফ্রেন্ডলিস্টে নাম আছে প্রায় দুই হাজার
দুনিয়াতে নাম জানা মেমরি আছে হাজার তিনেক, বড়জোর

ভালোবেসে বা ঘৃণা করে স্টেটাসই দাও
আমার আবেশে বা রোশে বা কেবলই অন্য কারোর সাথে যেতে যেতে
বা ভিড়ের ভিতর ৭০০ কোটির নিদর্শন
এছাড়া কোনও রিয়ালেটিতেই তুমি সাসটেইন করো না, ডিয়ার
এবং তুমি দ্যাখো মৃত্যুর পরও যেমন কারো কারো ফিড আসতে থাকে হোমপেজে
তা কিন্তু আমরা পার হয়ে যেতে দেই

যেমন করে যুদ্ধ ও অপরাধ একটা চক্রবৃদ্ধির হিসাবের খাতা

লাইক অথবা নীরবতার বাইনারিতে
পাপ-পুণ্য, ভালো-মন্দ ইতিহাস পাড়ি দিচ্ছে

প্রটোকল

অন্ধকার ফিরে ফিরে আসছে
ঘিরে ঘিরে ধরছে তার ব্যাপক রাত
কুয়াশা আর মেঘের প্রটোকল সারাটা বছর

হেডলাইট জ্বালিয়ে রাখো
বর্ষাতিতে ঢেকে থাকো

অন্ধকার ফিরে ফিরে আসছে
ঘিরে ঘিরে ধরছে তার ব্যাপক রাত
কুয়াশা আর মেঘের প্রটোকল সারাটা বছর

কদাচিৎ তোমাকে দেখা যাবে
বাকিটা সময় তুমি
হেডলাইটের পেছনে দাঁড়িয়ে চোখ ধাঁধিয়ে দেবে
বর্ষাতিতে ঢেকে পার হয়ে যাবে

সাবধান সাবধান
সামনে অ্যাকসিডেন্ট  

অন্ধকার ফিরে ফিরে আসছে
ঘিরে ঘিরে ধরছে তার ব্যাপক রাত
কুয়াশা আর মেঘের প্রটোকল সারাটা বছর

ফিউনারেল

 

ফেলানি উড়তেছিল রাষ্ট্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার মহান স্মৃতির উদ্দেশ্যে জাতীয় পতাকার মতন।

ফুল ১

তোমার পাপড়ি ফুটে বের হতেছে
আর ক্রমশ হয়ে উঠছো ফুল
দিকে দিকে নজর হতেছ তুমি
দৃশ্যময় রঙিন না হলে তুমি কিছু না
নিতান্ত কাগজও
একসাথে রঙিন ও দৃশ্যমান হলে
ফুলের মূল্যে বিকোয়

ফুল, সে তুমি কাগজের অথবা প্রকৃতির
দোকানের অথবা বাগানের
প্রেমিকের অথবা নেতার
বিবাহের অথবা শ্রাদ্ধের
তোমার রঙিন দৃশ্যময়তার কাছে
সকল নন্দন...

আর আমি বোকাচোদার মতন চোখ হারিয়ে ঘ্রাণ উন্মুখ হেঁটে যেতে ছিলাম, বিকারগ্রস্ত

ফুল ২

তোমাকে সন্দেহ করি ফুল
সন্দেহ তোমার শরীরে ছড়ায় সৌরভ
তার ঘ্রাণ পেয়ে হই আরও কাতর...বাতিকগ্রস্থ

কলোনি

আমার মাথাটা না একটা শকুনের বাসা হয়ে গেছে। সে খালি ডানা ঝাপটায় আর তার আঘাত এসে লাগে খুলির দেয়ালে... সে বের হতে পারে না খুলির হোল্ডঅল থেকে... কীভাবে যে সে এখানে এলো আর কীভাবেই যে সে বের হবে... ওহ, ফাক! ভাবতে গেলে অবাক, হই আরও অবাক নির্বাক... হয়ত মরার পর সে বের হতে পারবে আর আমার মৃতদেহটাকে ঠুকরে খেয়ে খেয়ে সৎকার করে দেবে...

১৬ ডিসেম্বর

সরকারি ভবনগুলায় আলোকসজ্জ্বা
কর্পোরেট ভবনগুলার কাচে তার প্রতিফলন পড়ছে
ভবনসমূহের
এই পারস্পারিক হয়ে থাকা...