সাঈফ ইবনে রফিকের কবিতা ‘জান্নাত ও জাহান্নাম’
প্রকাশিত : মার্চ ০৮, ২০২০
জান্নাত
সংবিধান সংশোধনীর
কোনো খবর আসেনি জান্নাত থেকে।
মানে, এখনও নিষিদ্ধ যে গন্ধম—
তাতে আজও ফুল ফোটে
ফল হয় আর বোটানির
সূত্রমতে চলছে বংশ বিস্তার।
জান্নাত থেকে হুরদের
বের করে দাও।
ওরা উত্তপ্ত দুনিয়া
শীতল করে দিক, ছলাকলায়।
ওদের আঁচলে করে গন্ধম
আসুক পৃথিবীতে।
মানুষ বুঝলো না।
দুনিয়াকে জান্নাত বানাতে পারলে
মদ হালাল হতো।
কেয়ামত আসতো না।
এটা খুব একটা কঠিন ছিল না।
জাহান্নাম
জাহান্নামকে বলো,
নির্ভয়ে আমার দিকে তাকিয়ে থাকতে।
যাতে প্রেম জ্বালিয়ে রাখার আগুনে
ঘাটতি না হয়!
জানো তো, উত্তাপ না থাকলে
প্রেম সিদ্ধ হয় না।
হে উন্নত জাতের পশু
কেউ কি সত্যিই মনে রাখে
মৃতদের? নাকি বিজয়ীরা
ইতিহাস সাজিয়ে নেয় নিজের মতো করে।
যারা মৃত, তারাও জানে না—
প্রাণের কিস্তিতে শোধ হলো কার ঋণ।
আহ্নিক গতিতে
আকাশ বদলে যায়;
শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে
বদলে যায় চাঁদের আকার।
মানবিক বোধের বাইরে
হে উন্নত জাতের পশু;
তোমাদের ভাতৃঘাতী সংঘাত মনে রাখার দায়
চাঁদ তারা-ত্রিশুল-ক্রস বা
এ সবের ঊর্ধ্বে আকাশের নেই।























