সাঈফ ইবনে রফিকের ৩ কবিতা
প্রকাশিত : এপ্রিল ০৭, ২০২০
আত্মা
তোমার শরীরের ফ্যাট
ইমিউনিটি
ভিটামিন আয়োডিন
অস্থিমজ্জা—
শ্বাস, পরিপাকসহ যত তন্ত্রমন্ত্র
সব কিছু ভুলিয়ে দিয়েছে যে—
তোমার একটা আত্মা আছে,
এই শরীরটাই যার শেষ গন্তব্য নয়।
পোস্ট পলিটিক্স
মাস্কে ঢেকে আর কি হবে?
করোনা তো তোমার মুখোশ
খুলে দিচ্ছে!
কদম ফুলের মতো
ভাইরাসটাই বদলে দিচ্ছে
পৃথিবীর আকার।
গ্লোবাল ভিলেজে যত
পোস্ট মর্ডানিটি, আর সাবঅল্টার্ন
কলোনির ধ্যান-ধারণা;
বদলে যাবে সব।
কলিযুগের করোনা মোহে
আসিতেছে `পোস্ট পলিটিক্স`!
করোনা
ঢেলে সাজানো হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার;
তার আগে একটা মন্দা দরকার।
তবে সেই মন্দার সূচক নিয়ে
হইচই না হোক।
কিছু বুঝে ওঠার আগেই
মাস্ক-স্যানিটাইজারে
ফুলেফেঁপে
মিডিয়া মেকআপে
হাজির হয়েছে
চীনা নর্তকি।
তোরা বরং একে নিয়েই ব্যস্ত থাক।























