সৈয়দ রিয়াদ হোসেন আকাশের প্রেমের কবিতা

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০১৮

বলা হলো না

এক.
তোমার ধারালো হাসির নিচে কতবার খুন হয়ে যেতে চেয়েছি
আর, খুন হতে হতে ছুটে গেছি তোমার কাছে
যে হাসি শান্তির মতো ছড়িয়ে পড়ত আমার হৃদয়ে
সে হাসি এখন আর নেই।

তোমার হাসির ভেতর এখন লুকিয়ে থাকে ব্যথা
যে ব্যথা তুমি লুকিয়ে রাখো তোমার অন্তর্মূলে
তোমার না তাকানো আর উপেক্ষা
আমাকে বুঝিয়ে দিয়েছে যা বোঝানোর

আর দেখা হবে না
সেই হাসি যা আমি দেখতাম
বলেও বলা হলো না...
যা আমি বলতে চেয়েছিলাম।

যত দূরেই যাও
মনে রেখো আমাকে,
এই ভাবে আর দুঃখ-হাসির মধ্যে রেখো না লুকিয়ে
ভালো থাকো, আমিও ভালো থাকবো...

দুই.
আজ তুমি বসেছিলে বধুর সাজে,
ওই দূর হতে আমি দেখছিলাম তোমাকে
যে তুমি আগে ছিলে অন্যরকম
সেই তুমি আজ তুমি ছিলে না
আজ ছিলে এক বাক্যহীন নারী।

যে একসময় কত হাসতো
একসময় কত ঝগড়া করতো
আজ সে নীরব হয়ে আছে বধুর বেশে
মনে হচ্ছে, সে একটি নিষ্প্রাণ পুতুল।

তুমি আজ হাতের অস্থিরতায় বুঝিয়ে দিয়েছো
আজ তুমি বলি হয়ে যাচ্ছ
নিজেই বুঝতে পারোনি কীভাবে...

আজ তোমার বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না
আজ তোমার বুকের চার দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে
অন্তরের কান্না

সবটাই দেখলাম দূর থেকে
কিছুই বললাম না।
শুধু তোমার দিকে চেয়ে
অন্তর দিয়ে মৃদু স্বরে বললাম, ভালো থেকো।