সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২০, ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। আজ শুক্রবার সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় তারা ঈদের নামাজ আদায় করে।
কুশখালী বাউকোলা মসজিদে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা মহব্বত আলী। জামায়াতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা অংশ নেয়।
নামাজ শেষে খুতবায় মওলানা মাহবুবুর রহমান বলেন, “পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা একদিন আগে থেকেই রোজা শুরু করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”
মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, এক যুগ ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের একদিন আগে তারা ঈদ উদযাপন করছে।























