স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার।”

তিনি আরও বলেন, “তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণও দেবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনসহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।