৪৮ কোটি টাকার কোকেনসহ বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০২, ২০২৫
বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক হয়েছেন বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা। রোববার ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।
ভারতের গোয়েন্দা কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দরে এ বিশালকে আটক করে। এ সময় বিশালের ট্রলিব্যাগ থেকে সাড়ে ৩ কেজি কোকেন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকা।
এ অভিযানে নেতৃত্ব দেয় চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বিশাল ভার্মা।
তদন্ত সূত্রে জানা গেছে, কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা বিশাল ভার্মা। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত লোক অভিনেতাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার।
কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষপর্যন্ত মুম্বাই কিংবা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।
চেন্নাই বিমানবন্দরে বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।























