ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৬
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ মার্কিন সেনাকে হত্যায় চীনের স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ইরান ব্যবহার করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালানোর আগে ইরান ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। ওই হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়।
তবে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করা চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে চীন সরকার সরাসরি ওই হামলায় জড়িত ছিল, এমন অভিযোগও করেনি তারা।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে এবং এর পক্ষে প্রমাণ দাবি করেছে।
এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র ৩টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ফলে এসব ছবি ইরানের হামলা পরিচালনায় সহায়ক হয়ে থাকতে।
তবে চীনা কোনো প্রতিষ্ঠান সরাসরি জুলাইয়ের ওই হামলায় ব্যবহৃত ছবি সরবরাহ করেছিল কি না, কিংবা চীন সরকার এ বিষয়ে অবগত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
























