খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, মানুষের ঢল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৪, ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ৬ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শনিবার সকালে শুরু হয়েছে। শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকে অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হয়। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজার হাজার মানুষ প্রবেশ করে। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

এ উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়। অনেক মানুষ কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খুলে দেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে মানুষ, যাতে তারা জানাজা ও দাফনের  অনুষ্ঠানে যোগ দিতে পারে। সূত্র: জিও নিউজ