ঢাকায় বসেছে দুশো চেকপোস্ট, কঠোর নিরাপত্তা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৬

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এরই মধ্যে রাজধানীজুড়ে ২০০টি চেকপোস্ট বসা‌নো হ‌য়ে‌ছে। ঢাকার শান্তিনগর-কাকরাইল ও রাজারবাগ এলাকা ঘুরে দেখা গেছে, চেকপোস্টগুলোর সামনে মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

আজ সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে তারা। এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরা এলাকায় ককটেল বিস্ফোরণ হয়।

 

শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, “জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ফ্লাইওভারের ওপর থেকে ওই দুটি ককটেল দুটি ছোড়া হয়।”

 

সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভার থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

 

রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক রিকশাচালক আহত হয়।

 

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বলেন, “রাজধানীর গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”