পাকিস্তানের সেনা অভিযানে নিহত ৭১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৩ দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, নিহত ব্যক্তিরা ভারত ও আফগানিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে পাকিস্তান সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। তবে ইসলামাবাদের এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত ভারত ও আফগানিস্তানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান থেকে কথিত দায়েশ সদস্যরা সীমান্ত পেরিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ঢোকার পর তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আফগান বাহিনী। ওই অভিযানে ২৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে।

আফগানিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ একে হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, নুরিস্তান বা আফগানিস্তানের অন্য কোথাও অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ বা প্রশিক্ষণ দেওয়া এবং আফগানিস্তানে সক্রিয় দায়েশ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগও সম্পূর্ণ বানোয়াট।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলা ঘটেছে। এসব হামলার পেছনে ভারত ও আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তান বারবার আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের দমন করার আহ্বান জানিয়েছে। টিটিপি বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার দেশটির মাটি ব্যবহার করে টিটিপির সদস্যদের কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো হামলা চালানোর অনুমতি দেওয়া হয় না বলেও জানিয়ে আসছে তারা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর এবং তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার বড় অংশই টিটিপি চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩১ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিল।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ এসব হামলাকে পরিকল্পিত, নির্ভুল, পরিমিত ও আনুপাতিক বলে বর্ণনা করেছে।

পাকিস্তান জানিয়েছে, হামলাগুলো শুধু শনাক্ত করা সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল। এসব স্থাপনা ড্রোন হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

আফগান তালেবানকে তাদের বিরুদ্ধে বৈরী তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর, সুনির্দিষ্ট, যাচাইযোগ্য ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।