‘প্রাথমিকের বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ প্রার্থীকে ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “১ অক্টোবরের মধ্যে যারা নিয়োগ পাবেন না, পরবর্তীতে তাদের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিক শিক্ষাব্যবস্থার গতিশীলতা ফেরানো এবং যোগ্য প্রার্থীদের দ্রুত পদায়নের লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।”
নির্দিষ্ট সময়ের মধ্যে বাদ পড়া প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা খাতের নানা জটিলতা দূর করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
























