অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৫
ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তুরের আজ জন্মদিন। ১৮২২ সালের ২৭ ডিসেম্বর ফ্রান্সের জুরা প্রদেশের দোল শহরে তার জন্ম।
তিনিই প্রথম আবিষ্কার করেন, অণুজীব অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কার করে স্মরণীয় হয়ে রয়েছেন লুই পাস্তুর।
১৮৪৭ সালে পাস্তুর ফ্রান্সের একোল থেকে পদার্থবিদ্যা ও রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি জৈব যৌগের আলোক সমানুতা নিয়ে গবেষণা করেন।
তিনি দেখান যে, আলো যখন জৈব যৌগের দ্রবনের ভেতর দিয়ে যায় তখন এর দিক পরিবর্তন ঘটে। ১৮৫৪ সালে পাস্তুর স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ডিন হিসেবে যোগ দেন।
তখন থেকেই তিনি স্থানীয় মদের কারখানাগুলোয় গাঁজন প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। তিনি প্রমাণ করেন, মদে বাতাস ও অন্যান্য মাধ্যম থেকে ব্যাক্টেরিয়া আসে।
তিনি দেখান যে, অণুজীব বৃহদাকার জীবকে আক্রমণ করে রোগ সংঘটিত করতে পারে। পরে প্রথম অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেন তিনি। এরপর পাস্তুর অন্যান্য রোগ প্রতিরোধের জন্য গবেষণা শুরু করেন।
তিনি জলাতঙ্ক নিয়ে কাজ করে টিকা আবিষ্কার করেন। জলাতঙ্কের টিকা আবিষ্কারের পরে ফ্রান্স সরকার পাস্তুর ইনস্টিটিউট স্থাপন করে। এ ইনস্টিটিউটের পরিচালক থাকাকালেই ১৮৯৫ সালে লুই পাস্তুর মারা যান।
























