আবু তাহের সরফরাজের ছড়া ‘রোদ্রছায়ার খেলা’
প্রকাশিত : জুন ২১, ২০২৬
এই যে গাছের পড়ছে ছায়া
একটু পরে যাচ্ছে সরে
বল তো খোকা বল তো খুকি,
পারবি কি তা রাখতে ধরে?
ঝিরঝিরিয়ে দিচ্ছে হাওয়া
কাঁপছে গাছে সবুজ পাতা
ওই কাঁপুনি আঁকতে গিয়ে
বল তো ক’টা লাগবে খাতা?
ঝাঁক বেঁধে যে উড়ছে পাখি
শেষ বিকেলে নীল আকাশে
বলতে পারিস, কোন সে সুরে
দ্যায় ছড়িয়ে গান বাতাসে?
গাছের ডালে বসছে পাখি
যাচ্ছে উড়ে একটু পরে
বল তো কেন বসছে ওরা
ডাকছে কেন সমস্বরে?
ঘাসের বনে সবুজ রঙে
রোদ পড়েছে দুপুরবেলা
বল তো দেখি, পারিস কী না
হচ্ছে ঘাসে কিসের খেলা?
একটু আগে দেখলে চড়া
রোদ পড়েছে ফুলবাগানে
এই যে এখন রোদটা নরম
বল তো খুকি, এর কি মানে?
























