সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ০৮, ২০২৬

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩ শিশু মারা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে ৫ ঘণ্টার ব্যবধানে ৬ থেকে ৮ মাস বয়সি ৩ শিশু মারা যায়। তারা হলো: সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের ৮ মাস বয়সি ছেলে মাহদী হাসান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার ৭ মাস বয়সি মেয়ে শিশু জারা এবং শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ৬ মাস বয়সি ছেলে মুস্তাকিম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় মুস্তাকিম, সন্ধ্যা ৭টায় মাহদী হাসান এবং রাত ১১টায় জারা মারা যায়। এ ঘটনায় সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এর আগে সোমবার এক দিনে ৩ শিশু মারা যায়। এর মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম বলেন, “হামের সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই। তাদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না।”

তিনি আরও বলেন, “হামের রোগী দিন দিন বাড়ছে। টিকা ছাড়া এই রোগ প্রতিরোধের কার্যকর কোনো বিকল্প নেই। সরকার টিকাদান কর্মসূচি চালু রেখেছে, কিন্তু এখনো অনেক অভিভাবকের মধ্যে অনীহা রয়েছে।”

মাহবুবুল আলম বলেন, “১০ মে পর্যন্ত সারা দেশে এবং ২০ মে পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম টিকাদান কর্মসূচি চলবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সি সব শিশুকে টিকা দিতে হবে।”