আমিরাতে ঈদের জামায়াত নিয়ে কড়া নির্দেশনা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে খোলা মাঠে ঈদের জামায়াতের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স। জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আয়োজন করা হবে না এবার। শুধু মসজিদের ভেতরে হবে ঈদের জামায়াত। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে।

ঐতিহ্যগতভাবে খোলা স্থানে ঈদের জামায়াত আয়োজন করে আমিরাত। অনেক ক্ষেত্রে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামায়াত আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা সরকারি নির্দেশনা মেনে চলে। সূত্র: গালফ নিউজ