ইজরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২২, ২০২৬

দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইজরায়েলকে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইজরায়েলের নিঃশর্ত প্রত্যাহারের পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় কানি বলেন, “ইজরায়েল যদি তার আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তবে তাকে অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে।”

কানি আরও বলেন, “তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।”

প্রতি বছর ২৫ মে লেবাননে মুক্তি দিবস পালিত হয়। ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। কানি সেই সময়ের কথা টেনে দখলদার ইজরায়েলকে হুঁশিয়ারি দিলেন।