ইজরায়েল ৬০ দিনে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৬০ দিনে ইজরায়েল ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।

 

বিবৃতিতে বলা হয়, ইসজরায়েলের এই কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত ও এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হয়েছে।

 

যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় একের পর এক হামলা চালিয়ে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজাজুড়ে ইজরায়েলি হামলায় ৩৭৭ জন নিহত ও ৯৮৭ জন আহত হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাসের কাছে বন্দি জীবিত ২০ জনের সবাইকে ইজরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একজন বাদে মৃত ২৭ বন্দির সবার মরদেহও ফেরত পেয়েছে তারা।

 

বিনিময়ে ইজরায়েল থেকে মুক্তি পেয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি এবং গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনাসদস্যদেরও পিছিয়ে এনেছে ইজরায়েল। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইজরায়েল, যা এখনো পুরোপুরি থামায়নি ইজরায়েল।

 

এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের। সূত্র: আল জাজিরা