ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৮, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে করা সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার শেষ হয়েছে। এই চুক্তির মেয়াদ আর বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদা পতাকা তুলে ইরানকে করতে তিনি আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে করা কাঠামোগত সমঝোতার মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। পাকিস্তানের মধ্যস্থতায় ওই সমঝোতা হয়েছিল। ইরানের সঙ্গে করা ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘না’।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, ৬০ দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও এখনও কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। জুনের সমঝোতায় বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার এই সময় নির্ধারণ করা হয়েছিল। দুই দেশ চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আলোচনা করতে চায়। তার মতে, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, তাতে রাজি নয় তেহরান।
ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আমরা সেখানে একটি কারণেই আছি— ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। আপনারা ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তাদের তা থাকবেও না।”
ট্রাম্প আরও বলেন, “হরমুজ প্রণালি আমরা নিয়ন্ত্রণ করছি। নৌ অবরোধের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। আমাদের অবরোধ রয়েছে এবং এর মাধ্যমেই আমরা প্রণালিটি নিয়ন্ত্রণ করছি। এটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি আমার ভালো লাগে।”
ট্রাম্প বলেন, “আমরা প্রতি সপ্তাহে হয়তো লাখ লাখ ব্যারেল তেল বের করে আনছি। হয়তো এটি বন্ধ হয়ে যাবে, অথবা আরও বেশি উন্মুক্ত হয়ে যাবে। প্রণালিটি খোলা আছে, তেলের দাম কমছে এবং আরও কমতে থাকবে— যদি না আমরা এখনকার চেয়ে অনেক বেশি কঠোর কোনো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিই।” সূত্র: আল জাজিরা
























