ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের প্ররোচনা ট্রাম্পের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬

ইরানের সরকারি প্রতিষ্ঠানগুলো দখলে নিতে বিক্ষোভকারীদের প্ররোচিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ প্ররোচনা দেন।

 একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের দমন-পীড়ন ও হত্যার ঘটনায় জড়িত ইরানি কর্মকর্তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁদের এজন্য চড়া মূল্য দিতে হবে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান এবং আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংগ্রহ করে রাখুন।”

তিনি আরও লেখেন, “বিক্ষোভকারীদের ওপর এই নির্মম হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ওয়াশিংটন।”

মিগা ও মাগা স্লোগান ব্যবহার করে ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বাস দেন, মার্কিন সহায়তা খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান সরকার যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা নেবে।”

ট্রাম্পের এই কঠোর অবস্থানের পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জরুরি সতর্কতা জারি করে সকল মার্কিন নাগরিককে এখনই ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে।

ইরানে কয়েক দিন ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েকশো বিক্ষোভকারী নিহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলায় ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আবদুর রহিম মোসাভির দাবি, হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইজরায়েল এরই মধ্যে ইরানের ভেতরে আইএসআইএল বা আইএস-এর সশস্ত্র সদস্যদের মোতায়েন করেছে।

ওয়াশিংটনের এই প্রকাশ্য সমর্থন ও সামরিক হস্তক্ষেপের হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সূত্র: আল জাজিরা