ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মত ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৩, ২০২৬

ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মহসিন রেজায়ি এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ-পশ্চিমের শহর দেজফুলে স্মরণসভায় দেওয়া বক্তব্যে িমহসিন রেজায়ি বলেন, “সাম্প্রতিক সংঘাতগুলো বিশ্বমঞ্চে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দেশটির প্রতিরোধ ক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, জুয়াড়ি ট্রাম্প এখন তেহরানের সাথে সরাসরি আলোচনা করতেও ভয় পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “ওয়াশিংটনের নীতিগুলো এখন বহুলাংশে ইজরায়েলি লবিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। লবিস্টদের অতিরিক্ত প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়নবাদী শাসনের একটি উপনিবেশে পরিণত হয়েছে।”

রেজায়ির এই বক্তব্যের আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হলে লেবাননসহ সব ফ্রন্টে চলমান সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পথ সুগম হবে।”

ওয়াশিংটনের পক্ষ থেকেও এই বিষয়ে ইতিবাচক সংকেত মিলেছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তির বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে বলে শর্ত রাখা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি