লালমনিরহাট সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ করল স্থানীয়রা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৩, ২০২৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা রুখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আমঝোল সীমান্তের ওপারে ১০-১২ ব্যক্তিকে বহনকারী একটি গাড়ি এসে থামে।
অভিযোগ রয়েছে, বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় সীমান্ত এলাকায় বিএসএফের অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করে দ্রুত সতর্ক হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীদের একত্রিত করে এবং বিজিবিকে খবর দেয়।
পরে স্থানীয় জনসাধারণ ও বিজিবির সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা তাদের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়। মাইকিং শোনার পর কয়েকশো মানুষ রাতেই সীমান্ত এলাকায় জড়ো হয়ে অবস্থান নেয়।
বিজিবি সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সীমান্তজুড়ে সতর্ক নজরদারি বজায় রাখে। একপর্যায়ে তোপের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের শূন্যরেখা (জিরো লাইন) থেকে সরিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
আমঝোল সীমান্তের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “বিএসএফের পুশইনের চেষ্টার বিষয়টি প্রথমে আমাদের নজরে আসে। আমরা সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনকে খবর দিই এবং বিজিবিকে জানাই। এরপর কয়েকশো গ্রামবাসী সীমান্তে জড়ো হই। আমাদের সতর্কতা ও বিজিবির উপস্থিতির কারণে তারা সফল হতে পারেনি। অনেকেই রাতভর সীমান্ত এলাকায় পাহারা দিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
























