ইরানে হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

ইরানে সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন বলে জানিয়েছে একাধিক মার্কিন কর্মকর্তা।

ইরানে কীভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালানো হতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার পরিকল্পনাও রয়েছে।

ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়।

শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালানো হয়। সংবাদমাধ্যম বিবিসিকে ৩টি হাসপাতালের কর্মীরা জানিয়েছে, তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে।

তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছে, তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এছাড়া অনেকের হার্টেও গুলি করা হয়েছে।

একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না।

বিক্ষোভকারীদের পাশপাশি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। এখন পর্যন্ত এ সংখ্যা ১৪ জন বলে জানা গেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস ও ওয়ালস্ট্রিট জার্নাল