কবি কাজী কাদের নেওয়াজের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২৬

কবি কাজী কাদের নেওয়াজের আজ মৃত্যুদিন। ১৯৮৩ সালের ৩ জানুয়ারি তিনি মারা যান। মুর্শিদাবাদে ১৯০৯ সালের ১৫ জানুয়ারি তার জন্ম। পৈতৃক নিবাস বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে।

স্থানীয় মাখরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯২৩ সালে এন্ট্রান্স এবং বহরমপুর কলেজ থেকে ১৯২৯ সালে ইংরেজিতে অনার্স পাস করেন। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়।

তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। `মরাল` তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং `দাদুর বৈঠক` তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা।

`নীল কুমুদী` তার আরেকটি কাব্যগ্রন্থ এবং `দুটি তীরে` একটি উপন্যাস। তিনি কর্মজীবনে মূলত ছিলেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি

১৯৪৭ সালের দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে কবি ঢাকায় আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যোগ দেন। ১৯৫১ সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন এবং ১৯৬৬-তে এই পদ থেকে অবসর গ্রহণ করেন।

এরপর মাগুরা জেলার মুজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।