গার্মেন্টস কারখানার পানি পান, অসুস্থ দুশোর বেশি শ্রমিক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৮, ২০২৬

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডের পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েছে দুশোর বেশি শ্রমিক। মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা কারখানাটিতে কাজে যোগ দেয়। কাজ শুরুর কিছু সময় পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করে। এরপর প্রথমে চতুর্থ তলায় কর্মরত কয়েক শ্রমিকের মধ্যে শারীরিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে তারা মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়।

একই ধরনের উপসর্গ অন্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। পরিস্থিতি দ্রুত অবনতি হলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ ও সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। কয়েকজনকে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক জাহিদ, মাজেদুল ইসলাম ও তন্নি আক্তার জানান, তারা নিয়মিত কারখানার সরবরাহকৃত পানি পান করেন। আজও কারখানার সরবরাহকৃত পানি পান করার কিছুক্ষণ পর অনেকের মাথা ঘোরা শুরু হয়। কেউ বমি করে, কেউ মেঝেতে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‍“সকাল সাড়ে ১০টার পর থেকে বিপুল সংখ্যক শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হচ্ছে। রোগীর চাপ এত বেশি যে হাসপাতালে ধারণক্ষমতার সংকট তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।”