গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান কর্ম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

ওইদিন দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হবে। রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে সকাল ১১টায় অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বৈঠকে নেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জনজীবনের দুর্ভোগ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি।

বৈঠকে জানানো হয়, ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হতে যাওয়া গণসমাবেশে এসব ইস্যুর পাশাপাশি জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তবে এর আগে ৬ আগস্ট দেশব্যাপী বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরা হবে।

১১ দলীয় ঐক্যের নেতারা জানান, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভোক্তাদের হয়রানি বন্ধ, বিদ্যুতের অস্বাভাবিক বিল সংশোধন এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।