ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২৮, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি সম্প্রসারণের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, “আমাদের আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়েই কথা বলব। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান ইস্যু। ইজরায়েলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চারপাশে শান্তির পরিধি আরও বিস্তৃত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, এ ধরনের জটিল পরিস্থিতিতে একই সঙ্গে দৃঢ়তা ও প্রজ্ঞা নিয়ে সামনে এগোতে হয়। আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়েই এই সফরে যাচ্ছি, তা হলো— আমাদের প্রিয় রাষ্ট্র ইজরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা।”
নেতানিয়াহু বলেন, “ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হতে যাচ্ছে দুই নেতার মধ্যে অষ্টম বৈঠক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের অন্য যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানের তুলনায় আমার সঙ্গেই তার সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। এটি ইজরায়েলের জন্য যেমন বড় সম্মানের, তেমনি বড় দায়িত্বও।”
যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানেও যোগ দেবেন নেতানিয়াহু।























