তিন মামলায় জামিন পেলেন মমতাজ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৬

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৩ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, “শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে আছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা, মিরপুরের সাগর হত্যা ও আশুলিয়ায় আরেকটি হত্যাচেষ্টা মামলা।”

গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেফতার হন মমতাজ। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি।

তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান।