বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি হওয়া সফরসূচি অনুযায়ী তিনি বিমানে সিলেট যাবেন। পরে সেখান থেকে সড়কপথে প্রথমে শ্রীমঙ্গল এবং পরে মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
পরে দুসাই রিসোর্টে দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ জেলার সার্বিক উন্নয়ন এবং বেশ কয়েকটি দাবিতে অপেক্ষার প্রহর গুনছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ জুন সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।
বিকেল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।
রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
























