ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলপি গ্যাস ব‍্যবসায়ীদের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৮, ২০২৬

এলপি গ্যাস ব‍্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার দেশজুড়ে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে নেতারা ৩টি দাবি উত্থাপন করেন— সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেন, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন।

জালাল আহমেদ আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে, জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে।

সেলিম খান বলেন, “অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতে তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে। তাই ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব নয়।”

বিইআরসি চেয়ারম্যান বলেন, “জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি দিখছি না।”

উল্লেখ্য, এলপি গ‍্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বুধবার ঘোষণা দেয়, আজ বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখা হবে। সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।