নেপালে আবারও জেন জি বিক্ষোভ, কারফিউ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

জেন জি বিক্ষোভে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উত্খাত হলেও বুধবার ওলির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে জেন জিদের। সংঘর্ষে নেপালের বারা জেলার সিমরায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বারা জেলায় কারফিউ জারি করে সরকার। জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত এই কারফিউ বলবত্ ছিল।

 

সিমারা বিমানবন্দরের কাছেও কমিউনিস্ট পার্টি অব নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জেন জিদের। নেপথ্যে ওলির দলের ২ নেতার সিমারায় আগমন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সিমারা আসেন ওলির দলের ২ নেতা মহেশ বসনেট ও শঙ্কর পোখারেল।

 

মহেশ-শঙ্কর জুটির সিমারায় আগমনের বিষয়টি জানা মাত্র সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেন জেন জি জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। বুধবার ২ ইউএমএল নেতা বিমানবন্দরে নামতেই খুনিদের সরকার বলে বিক্ষোভ শুরু করে জেন জি প্রতিবাদীরা।

 

এরপর ইউএমএল নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে আহত হয় ৬ জেন জি বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ৬ ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। যদিও পুলিশ কাউকে গ্রেফতার করেনি এই অভিযোগে ফের আন্দোলনে নামে জেন জি বিপ্লবীরা।

 

নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি বিক্ষোভের জেরে সিমারা বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে আপাতত সিমারা ও সংলগ্ন এলাকায় কারফিউ জারি হয়।

 

বার্তা সংস্থা এএফপিকে নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক। কেউ গুরুতর আহত হয়নি।”

 

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ২০২৬ সালের ৫ মার্চ নেপালে নির্বাচন হওয়ার কথা। তার আগে সকল পক্ষকে অবাঞ্ছিত রাজনৈতিক উসকানি থেকে বিরত থাকতে বলেছেন তিনি।

 

একই সঙ্গে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা’ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সকল রাজনৈতিক দলের নেতারা যাতে নিরাপদ চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে এবং নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে চান তিনি।

 

সুশীলা বলেন, “আমরা চাই, এই দেশটি একটি নতুন প্রজন্মের হাতে থাকুক এবং দূরদর্শী ব্যক্তিরা এই দেশ পরিচালনা করুক।” সূত্র: নেপাল টাইমস ও কাঠমান্ডু পোস্ট