পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজাবাহী গাড়ি, ৯ বস্তা গাঁজা উদ্ধার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬
শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে গাড়িটি তুলে ভেসে থাকা ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে একটি দল সড়কে অবস্থান নেয়। দ্রুতগতির কালো রঙের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলেও চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
পুলিশ পিছু ধাওয়া করলে গাড়িটি সংলগ্ন একটি সরু কাঁচা সড়কে ঢুকে পড়ে এবং খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর পুকুরে তলিয়ে যায়। চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “ক্রেন এনে পুকুর থেকে গাড়ি ও ভেসে ওঠা ৯ বস্তা গাঁজা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পাচারে জড়িত চালক ও মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।”























