পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫
রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন: মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
জানা গেছে, রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বর্তমানে ১ বছর মেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
























