পোস্টাল ব্যালেটে নিবন্ধনের সময় শেষ, আবেদন করল কতজন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৬, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় সোমবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছে।

পোস্টাল ভোট বিডির তথ্য অনুযায়ী, দেশের ভেতরে থেকে ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ প্রবাসী ভোটের জন্য নিবন্ধন করেছে।

১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছে। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করতে পেরেছে।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবে।