‘প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৮, ২০২৬
সরকার প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার রাজধানীর সাঁতারকুলে (বাড্ডা) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে।”
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “এ লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক, যুগোপযোগী ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী শিক্ষা-ভিশনের আলোকে আমরা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সমান সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক পদক্ষেপ।”
ববি হাজ্জাজ বলেন, “এই যুগান্তকারী উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও বেশি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে। একই সাথে এটি একটি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ।
























