বোরকা পরে পার্লামেন্টে, ক্ষোভের মুখে অস্ট্রেলিয়ার সিনেটর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হলে তাকে বোরকা খুলে আসতে বলা হয়। তিনি অস্বীকৃতি জানালে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

 

অভিবাসনবিরোধী দল ওয়ান ন্যাশন থেকে কুইন্সল্যান্ডের নির্বাচিত সিনেটর পলিন হ্যানসন দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে বোরকা পরে হাজির হলেন। তিনি জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চাইছিলেন।

 

পলিন হ্যানসন বলেন, “বিলটি সিনেট বাতিল করে দেওয়ার প্রতিবাদেই আমি এ কাজ করেছি। আমার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সিনেটরেরা। একজন সিনেটর এটিকে স্পষ্ট বর্ণবাদ বলে মন্তব্য করেছেন।”

 

সোমবার অন্যান্য আইনপ্রণেতারা যখন পলিনকে বিলটি উপস্থাপনা থেকে বিরত রাখেন, তখনই তিনি বেরিয়ে গিয়ে বোরকা পরে আবার পার্লামেন্টে হাজির হন।

 

নিউ সাউথ ওয়েলসের মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি বলেন, “তিনি একজন বর্ণবাদী সিনেটর এবং তার আচরণ স্পষ্ট বর্ণবাদ প্রদর্শন করছে।”

 

পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেইমান এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। সরকারি দলের সিনেট নেতা ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘটনাটিকে অসম্মানজনক বলে নিন্দা করেন।

 

তিনি বলেন, “পলিন অস্ট্রেলিয়ান সিনেটের হওয়ার যোগ্য নন।” বোরকা না খোলায় তিনি পলিনকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দেন।

 

ফেসবুকেপোস্টে হ্যানসন লিখেছেন, “যদি তারা না চায় আমি এটা পরি, তাহলে বোরকা নিষিদ্ধ করুক।”

 

এর আগে ২০১৭ সালেও তিনি সংসদে বোরকা পরে পার্লামেন্টে এসেছিলেন এবং তখনও দেশজুড়ে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন। সূত্র: বিবিসি