ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল-বিএনপির সংঘর্ষ, আহত ৫০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল বাজারে এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদল ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল আজিজ (৪৫) এবং বিএনপি নেতা আবদুল খালেকের (৪৭) অনুসারীদের মধ্যে শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষে দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে অরুয়াইল বাজার এলাকায় গাজী আবদুল আজিজের নেতৃত্বে সাত-আটজন আবদুল খালেককে মারধর করে বাজার এলাকা থেকে তাড়িয়ে দেয়। এর জেরে শনিবার বেলা ১১টার দিকে আবদুল খালেকের লোকজন গাজী আবদুল আজিজকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

এরপর থেকেই বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকাল থেকেই অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা তাদের দোকান খোলেনি। বেলা ২টার দিকে ধামাউড়া ও রাণীদিয়া গ্রামের লোকজন ইট-পাটকেল, লাঠিসোঁটা ও বল্লম নিয়ে বাজারের অলিগলিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত ও একাধিক দোকান ও বসতবাড়ি ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত গাজী আবদুল আজিজকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অরুয়াইল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”