ভারতে গরুর মাংস রান্না করায় গ্রেফতার ৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৯, ২০২৬
ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করায় বাড়ি থেকে ৩ নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার একজনের কাছ থেকে পুলিশ তথ্য পায়, একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যায়।
পুলিশ জানায়, ওই সময় বাড়িতে থাকা ৪ পুরুষ সরে যায়। ৩ নারী চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের আটক করা হয়। বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়।
পুলিশের এসপি অভিষেক সিং বলেন, “আমরা ৩ নারীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান, মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন।”
অভিষেক সিং আরও বলেন, “আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।”
পুলিশ জানিয়েছে, ওই ৩ নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করে।
তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। ওই বাড়ি থেকে ১ কেজি রান্না করা এবং ১ কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়।
পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে, সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবে। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস























