‘ভোটকেন্দ্র দখল করতে আসলে ফেরত যেতে পারবা না’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৬
ভোটকেন্দ্র দখল করতে আসলে ফেরত যেতে পারবা না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আমজাদ হোসেন আশরাফীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তোমরা তোমাদের মা-বোনদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে এসো; তোমরা আর ফেরত যেতে পারবা না।”
তিনি আরও বলেন, “আমরা যে বাংলাদেশ গড়ে তুলতে চাই, তা হবে দুর্নীতিমুক্ত। নির্বাচনের নামে যে খেলা এতদিন চলে এসেছে, আমরা সেই খেলাই পাল্টে দেব। একটি রাজনৈতিক দল ভোটারদের অর্থ ও খাবারের প্যাকেট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে, এমনকি ভোটারদের বাড়িতে যানবাহন পাঠানো হচ্ছে।”
হাসনাত বলেন, “অন্যদিকে মানুষ নিজের খরচে আমাদের কর্মসূচিতে আসছে। এতে বোঝা যায়, কোন পর্যায়ের খেলা চলছে। নির্বাচনে কালো টাকা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেড় বছরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে সংগৃহীত অর্থ এখন নির্বাচনে খরচের জন্য আনা হচ্ছে। ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এই চাঁদাবাজদের প্রত্যাখ্যান করতে হবে।”
প্রশাসন ও পুলিশের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “অতীতে ভোটের অনিয়মের ঘটনা সবার সামনে ঘটেছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও ভোট পড়েছে। কিছু কর্মকর্তা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাইলেও কিছু প্রভাবশালী ব্যক্তির তৎপরতা দেখা যাচ্ছে।”
এসময় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।”
হাসনাত বলেন, “তৃণমূলের সাংবাদিকেরা খবর পাঠালেও তা অনেক সময় প্রচার করা হয় না। একটি নির্দিষ্ট দলের প্রচারণা ও প্রশংসায় গণমাধ্যমের বড় অংশ ব্যস্ত। নিরপেক্ষ ভূমিকা না নিলে জনগণ এবার গণমাধ্যমকেও লাল কার্ড দেখাবে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন বহু প্রাণহানি ও সহিংসতার স্মৃতি বহন করছে। এটি শহিদদের নির্বাচন, আহত ছাত্র–জনতার নির্বাচন। এই নির্বাচনের জন্য বহু মানুষ রক্ত, ঘাম ও শ্রম দিয়েছে। ভোটের দিন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
নবীনগর উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আখন্দ, ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফীসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।























