মস্কোর কাছে বিধ্বস্ত রুশ বিমান, নিহত ৭
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫
মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় সামরিক বাহিনীর মালবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ বিমানে থাকা ৭ যাত্রী নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ, যা রুশ সামরিক বাহিনীতে কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল বিমানটিকে।
সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি বিরান, জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই।
বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি এরই মধ্যে তাদের কাজ শুরু করেছে। সূত্র: তাস
























