মাদুরোকে আটকের অভিযানে ভেনেজুয়েলায় নিহত ৪০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৪, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনা সদস্যও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক কর্মকর্তা বলেন, ‘মার্কিন হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য উভয়ই রয়েছে।’

ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বড় পরিসরে অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ফলে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে সক্ষম হয়। পরে সেই সেনারাই মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।

হতাহতের সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত তথ্য জানতে চাইলে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানোকে শক্তিশালী চমকপ্রদ প্রদর্শন হিসেবে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ‘নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে।’

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা শনিবার একটি অভিযোগপত্র প্রকাশ করেছেন। এতে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগসহ একাধিক অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচকেরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই অভিযান চালানো হয়েছে, যা লাতিন আমেরিকা অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও নিউইয়র্ক টাইমস