মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে সোমবার গুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় এ ঘটনাকে সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়েছে, গুলিতে ৪২ বছর বয়সি এক পুরুষ নিহত হয়েছে। আহত দুজনও পুরুষ। দুজনেরই বয়স ৩৯ বছর।

আরও বলা হয়, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।

উল্লেখ্য, মেক্সিকোয় মাদক পাচার চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহত খুবই সাধারণ বিষয়। কিন্তু রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এ ঘটনা সচরাচর দেখা যায় না।

যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। সূত্র: এএফপি