যদি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোট দিন: তথ্য উপদেষ্টা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬
পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন।”
তিনি আরও বলেন, “হ্যাঁ ভোট দিলে আপনি কী কী পাচ্ছেন, এটা আমরা বলছি। না দিলে কী কী পাচ্ছেন না, এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত।”
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগেও বলেছি, এখনও বলি, নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারিতেই। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ দ্বিধাদ্বন্দে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ থাকে। এটা ওই কূটচালেরই একটা অংশ যা আমি না থাকলে নির্বাচন হবে কি না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন ও গণভোট দুইটাতে অংশ নেবে।”
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ ইস্যুতে উপদেষ্টা বলেন, “এটা অভিযোগ আসবে না, এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে সে তো ল ইলেকশন কমিশনকে বলবে এবং ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই ওটার প্রতিকার দেয়ার বিধান আছে। আইনে কেন প্রতিকার দেয়ার বিধান থাকল? কারণ এ রকম হতে পারে।”
তিনি আরও বলেন, “সমস্ত দেশের ৩০০ আসনে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। একটা-দুটো জায়গায় যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে বলবে, নির্বাচন কমিশন প্রতিকার দেবে। বলার পরেও যদি প্রতিকার না পায় তখন সেটা একটা প্রশ্ন।”
























